
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক দলটির সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে আরশাদুল হক উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গঠিত এনসিপি গত ১০ মাসে নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি লেখেন, “যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলে আমি মনে করি। এই ভুল পথে আমি চলতে পারি না।”
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি মানবিক ও ন্যায্যতার বাংলাদেশ গড়ার সুযোগ এলেও বাস্তবে অস্থিরতা এবং বিভাজন তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। এনসিপি এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়নি।
পদত্যাগের ঘোষণায় আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশকে সঠিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র তারই রয়েছে।
তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “যখন অন্য দলগুলো ধর্ম ও পপুলিজমকে (জনপ্রিয়তাবাদ) প্রধান এজেন্ডা করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশের মতো মৌলিক বিষয়ে স্পষ্ট ভিশন জাতির সামনে তুলে ধরছেন। এই স্মার্ট অ্যাপ্রোচ আমাকে আকৃষ্ট করেছে।”
মীর আরশাদুল হক এনসিপিতে গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্বে ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ছাড়াও নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক তৎপরতায় সক্রিয় ছিলেন।